দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোতে বেতন দেওয়ার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে আরও কিছুটা বিলম্ব হবে বলে জানিয়েছে অর্থ বিভাগ।
পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন না থাকা সত্ত্বেও কেন এই বিলম্ব তা নিয়ে সারাদেশের শিক্ষক সমাজে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নির্ধারণের হিসাব প্রক্রিয়ায় জটিলতার কারণে এ বিলম্বের আশঙ্কা করা হচ্ছে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব এখনো হাতে-কলমে করতে হয়। অন্যদিকে, স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করা হয়। হিসাব প্রক্রিয়ার এই পার্থক্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সময় বাড়াতে পারে।
অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন দিতে কিছুটা সময় লাগতে পারে। আগামী নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার চেষ্টা চলছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বাদ দিয়ে স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন আগে দেওয়া সম্ভব কি না, প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, একই মন্ত্রণালয়ের অধীন হওয়ায় সবাইকে একসঙ্গেই নতুন পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
এর আগে গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।
বর্তমানে সারাদেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছু প্রতিষ্ঠানের নিজস্ব আয় থেকে শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থ দেওয়ার সক্ষমতা থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানের সে সুযোগ নেই। ফলে নতুন পে স্কেল কার্যকর হলে বেতন-ভাতায় সম্ভাব্য পরিবর্তন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কেএম